সারাদেশ

দুষ্প্রাপ্য কালো পোয়া মাছ বিক্রি হলো ৭৮ হাজার টাকায়

৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কালো পোয়া মাছ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কালো পোয়া মাছ ৭৮ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার সকালে আলীপুর বন্দরের ফ্রেশ ফিশ কুয়াকাটা আড়তের মালিক পি এম মুসা খোলা ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন। প্রতি কেজি ১৬ হাজার টাকা দরে তিনি মাছটির দাম পরিশোধ করেন। শুক্রবার কুয়াকাটা উপকূলের বঙ্গোপসাগরে জেলের জালে মাছটি ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়লে অনেকেই মাছটি দেখতে ভিড় জমান।

পি এম মুসা জানান, এ ধরনের মাছ সচরাচর জেলেদের জালে ওঠে না। গত বুধবারও তিনি সাড়ে চার কেজি ওজনের আরেকটি কালো পোয়া ৭২ হাজার টাকায় কিনেছিলেন।

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কালো পোয়া বা ব্ল্যাক স্পটেড ক্রোকার একটি বিরল সামুদ্রিক মাছ। সাধারণত এটি ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, কখনো দেড় মিটার পর্যন্তও হয়। কক্সবাজার, মহেশখালী, সেন্ট মার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে মাঝে মাঝে এদের দেখা যায়। তারা মূলত কাদামাটি বা বালুময় তলদেশে ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে এর বায়ুথলি (এয়ার ব্লাডার) চীনে ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। গত এক সপ্তাহে জেলেদের জালে দুটি কালো পোয়া ধরা পড়া ইতিবাচক ইঙ্গিত। জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলায় সমুদ্রে মাছের পরিমাণ বেড়েছে এবং তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button