বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় জাপা’র কার্যালয় দখলের খবর মিথ্যা দাবি জুলাই আন্দোলনের শহিদ পরিবারের

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি সংবাদে দাবি করা হয়, বগুড়ায় জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের উদ্যোগে জাতীয় পার্টির কার্যালয় দখল করা হয়েছে। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বগুড়া জেলা জুলাই আন্দোলনের শহিদ পরিবারগুলো।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

যৌথ বিবৃতিতে শহিদ পরিবারগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, উক্ত ঘটনার সঙ্গে কোনো শহিদ পরিবারের সদস্য কিংবা সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারা এ বিষয়ে কিছুই জানেন না এবং এমন কোনো কর্মসূচি গ্রহণ বা সমর্থনও করেননি।

বিবৃতিতে বলা হয়, একটি মহল পরিকল্পিতভাবে শহিদ পরিবারগুলোর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারের নাম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করাকে তারা অনৈতিক ও অমানবিক বলেও উল্লেখ করেন।

শহিদ পরিবারগুলো আরও জানায়, দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন, আবির ইসলাম, নজরুল ইসলাম, শামছুল হক, উজ্জ্বল হোসেন, ও জিয়াউর রহমান। তারা প্রত্যেকেই দাবি করেন জুলাই শহীদ পরিবারের সদস্য।
বগুড়া জেলা জুলাই আন্দোলনের শহিদ পরিবারগুলো এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button