বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া-৬ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম বাদশা, আবিদুর রহমান সোহেল এবং আল আমিন তালুকদার।

রেজাউল করিম বাদশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ধানের শীষ প্রতীক, আবিদুর রহমান সোহেল বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দাঁড়িপাল্লা প্রতীক এবং আল আমিন তালুকদার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-এর ফুলকপি প্রতীক নিয়ে ভোটে লড়ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটগ্রহণে ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া দায়িত্বে রয়েছেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন র‌্যাব। পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও দায়িত্ব পালন করছে।

মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।

পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথ রয়েছে ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী বুথ।

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে, ভোটের দিন এবং পরে বিজিবি টহল দেবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সকালে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। সকাল ৮টার দিকে শহরের হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন রেজাউল করিম বাদশা। এর আগে সকাল পৌনে ৮টার দিকে শহরের জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আবিদুর রহমান সোহেল।

এই বিভাগের অন্য খবর

Back to top button