
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে মোট ১৭ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে।
বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন।
আছিয়া খাতুন জানান, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টায় এই ভোট পড়েছে। তবে এ হিসাবে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।
পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথ রয়েছে ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী বুথ।



