বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে কোবরা গ্রুপের প্রধান সুমন গ্রেফতার, ধারালো বার্মিজ চাকু উদ্ধার

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে চাঁদাবাজি, মাদক, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক মামলার আসামি কথিত “কোবরা গ্রুপ”-এর প্রধান সুমনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

১২ মে ২০২৬ খ্রি. দুপুর ১টা ৪৫ মিনিটে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা বগুড়ার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একাধিক টিম সদর ও শাজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পরে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন ও তার সহযোগীরা মালতীনগর, স্টাফ কোয়ার্টার, ঠনঠনিয়া, কলোনি, বটতলা ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পুলিশ জানিয়েছে, তারা “কোবরা গ্রুপ” নামে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে এলাকায় আতঙ্ক সৃষ্টি করত।

গ্রেফতারের সময় সুমন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় সে ধারালো বার্মিজ চাকু দিয়ে প্রতিরোধের চেষ্টা করে বলেও জানিয়েছে ডিবি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, ছিনতাই ও মারামারিসহ অন্তত ৮টি মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

ডিবি ইনচার্জ মো. ইকবাল বাহার বলেন, সুমন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করে শহরের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তিনি জানান, গ্রেফতারের সময় আসামি চাকু নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করে, তবে কৌশলগতভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, বগুড়া শহরকে শান্ত ও নিরাপদ রাখতে ডিবির অভিযান অব্যাহত থাকবে। একইসাথে তিনি সাধারণ মানুষকে ভয় না পেয়ে অপরাধের তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button