
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। অপরদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা এমপি।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পৃথক দুইটি চিঠিতে এ মনোনয়নের তথ্য জানানো হয়।
জানা গেছে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে বগুড়াসহ আশপাশের বিভিন্ন জেলার হাজারো রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। একইভাবে মোহাম্মদ আলী হাসপাতালও জেলার গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত।
সংশ্লিষ্টরা মনে করছেন, নব-মনোনীত সভাপতিদ্বয়ের নেতৃত্বে হাসপাতাল দুটির চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে রোগীদের ভোগান্তি কমানো, সেবার মান উন্নয়ন এবং হাসপাতাল ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
