
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় পৃথক চারটি অভিযানে চাঞ্চল্যকর দুটি হত্যা মামলার এজাহারভুক্ত ছয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে বগুড়া সদর থানার আতিকুর রহমান সাগর হত্যা মামলায় চারজন এবং সারিয়াকান্দি থানার মোসলেম উদ্দিন হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে বগুড়া ও গাইবান্ধায় যৌথ অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভগরিয়া এলাকা থেকে আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. জিলহাজ মন্ডল (৪৬) এবং আরেক আসামি মো. আরিফ প্রামাণিককে (৩৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিলহাজ মন্ডল বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মো. সামছুল মন্ডলের ছেলে। অপর আসামি আরিফ প্রামাণিক একই এলাকার পশ্চিমপাড়ার মো. রায়হান আলীর ছেলে।
পরে একই রাতে পৃথক অভিযানে রাত আনুমানিক আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার খানাবাড়ী এলাকা থেকে একই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. লিটন মিয়া (৩৫) ও মো. রব্বানীকে (২৫) গ্রেপ্তার করা হয়। লিটন মিয়া পাঁচবাড়ীয়া এলাকার মৃত ফজলার রহমানের ছেলে এবং রব্বানী একই এলাকার মো. সবুজের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার চার আসামি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৩ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী এলাকায় আতিকুর রহমান সাগরের পথরোধ করেন আসামিরা। এ সময় তারা দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড, চাপাতি, ধারালো চাকু ও এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালান।
একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে আতিকুর দৌড়ে স্থানীয় জাহিদুল ইসলামের বাড়ির আঙিনায় আশ্রয় নিয়ে চিৎকার করতে থাকেন। তখন আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র দিয়েও তাকে শক দেন।
আতিকুরের চিৎকার শুনে তার স্ত্রীসহ স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আতিকুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৪ জুলাই বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজার ও কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে সারিয়াকান্দি থানার চাঞ্চল্যকর মোসলেম উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন সারিয়াকান্দি উপজেলার পাকুড়িয়া চর এলাকার মৃত রহিম উদ্দিন সরকারের ছেলে মো. রহিদুল সরকার (৪৭) এবং একই এলাকার মো. ইলিয়াস সরকারের ছেলে মো. শাহজাহান সরকার (৪০)।
বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, সারিয়াকান্দি থানায় গত ৪ আগস্ট দায়ের করা মোসলেম উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



