
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে বৈবাহিক কলহ ও বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তামিম (১৯) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিষপানের পর টানা এক সপ্তাহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে তাঁর মৃত্যু হয়।
নিহত তামিম বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও স্থানীয় জানান, প্রায় দুই মাস আগে শেরপুর উপজেলার মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর পারিবারিক ও বৈবাহিক বিরোধের জেরে তাঁদের বিচ্ছেদ ঘটে। বিষয়টি তামিম মেনে নিতে পারছিলেন না। বিচ্ছেদের পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও অনেকটা বিমর্ষ অবস্থায় থাকতেন বলে স্বজনদের দাবি।
এরই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির একটি কক্ষে তামিম বিষপান করেন। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাঁকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই )মোঃ মাসুদুর রহমান হাসপাতালে যান এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, পুলিশ ঘটনাটি আইনগতভাবে প্রক্রিয়াধীন রেখেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



