বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মানিক রহমান (৫৬) নামে তালিকাভুক্ত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বগুড়া মহানগরের কানছগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক রহমান বগুড়া সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কানছগাড়ী এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তিনি তালিকাভুক্ত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারেন, ট্যাপেন্টাডলের একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কানছগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মানিক রহমানের নিজ বাড়িতে তল্লাশি চালানো হলে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, উদ্ধার করা মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button