বগুড়ায় নারী দিবসে পুলিশ লাইন্স স্কুলে
আলোচনা সভার আয়োজন

টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস-২০২২।
দিবসটি উপলক্ষে বগুড়া জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর আয়োজনে মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে প্রতিটি স্থানে নারী-পুরুষ সমতা বিধান করতে হবে। শুধু নারী দিবসে নয় বছরের ৩৬৫ দিনই নারীদের যোগ্য স্থান প্রাপ্তি নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে আজ বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে নারীরা।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশে নারীদের সর্বদা গুরুত্বের সাথে সকল কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। জেলা পর্যায়গুলোতেও সৃষ্টি হয়েছে নারীবান্ধব এক সংবেদনশীল সেবা প্রদান কার্যক্রম যার মাধ্যমে দেশব্যাপী ইতিবাচক এক পরিবেশ তৈরি হয়েছে। তিনি বগুড়াতেও নারীদের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা সমতা বিধানের অঙ্গীকার করেন তার বক্তব্যে।
ইন্সপেক্টর খুরশীদা বানু কণার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী বিপিএম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, পুনাক বগুড়ার ভারপ্রাপ্ত সভানেত্রী দ্বিল আখতার জাহান এবং সাধারণ সম্পাদক মাহমুদা খানম। এছাড়াও নারী দিবসের আলোচনা সভায় নারীদের কর্মক্ষেত্রে সুযোগ ও সার্বিক বিষয় নিয়ে কথা বলেন কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকতার্ এসআই রোজিনা আক্তার, সারিয়াকান্দি থানার এএসআই বিলকিস বেগম এবং আদমদিঘী থানার নারী পুলিশ কন্সটেবল মিলি খাতুন।
সভা পরবর্তী নারী নেতৃত্ব বিকাশ ও নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মাহমুদা খানমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রায় শতাধিক নারী ও পুরুষ পুলিশ সদস্যবৃন্দ, এনজিও ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে দিবসটি উপলক্ষে পুলিশ লাইন্স থেকে এক সংক্ষিপ্ত র্যালী বের হয়।
এসএ



