বগুড়ায় মান্নান আকন্দ’র বিরুদ্ধে নতুন আরেকটি মামলা দায়ের

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান আকন্দের বিরুদ্ধে চাঁদা দাবি, ভয়ভীতি দেখানো ও প্রতারণার অভিযোগে সদর থানায় আরো একটি মামলা (মামলা নং- ৬২) দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটিডের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম।
মামলায় উল্লেখ করা হয়, বগুড়া রেলওয়ে স্টেশন এলাকার অ্যাডওয়ার্ড পার্ক সংলগ্ন রেলওয়ের ৪ দশমিক ৪৮ একর জায়গার ওপর বগুড়া রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের অনুকূলে লিজ গ্রহণ করা হয়। সেখানে নির্মাণ করা মার্কেটের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দ। তিনি বেআইনি ও প্রতারণামূলক ভাবে ৩ ব্যক্তির কাছে দোকান বরাদ্দের নামে ৩ লাখ টাকা এবং মুদ্রণপল্লী বগুড়ার পক্ষে আলহাজ্ব মাহবুবুর রহমানের কাছ থেকে দোকান ঘর পজিশন হস্তান্তরের জন্য ১৭ কোটি টাকা গ্রহণ করে।
আব্দুল মান্নান আকন্দ বগুড়া ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটিডের মার্কেটটির নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। মার্কেটের দোকানের পজিশন হস্তান্তরের কোন ক্ষমতা না থাকা সত্ত্বেও বিশ্বাস ভঙ্গ ও গোপনে প্রতারণামূলক ভাবে ৩ জন ব্যক্তির কাছ থেকে ১ লাখ করে ৩ লাখ এবং অপর ১ জনের কাছ থেকে ১৭ কোটি টাকা নিয়েছেন।
এছাড়াও আব্দুল মান্নান আকন্দ আরও অনেকের সঙ্গে ভুয়া ও অবৈধ চুক্তিপত্রের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এর আগে, এর আগে গত ১৪ সেপ্টেম্বর রেলওয়ের কর্মচারী কল্যাণ ট্রাস্টের মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান উচ্ছেদ করার সময় রায়হান আলী নামে রেলওয়ের এক কর্মচারীকে মারধর করেন। এ ঘটনায় হত্যাচেষ্টা, চুরি ও মারপিটের অভিযোগে আহত রায়হানের বাবা হায়দার আলী সরকার ওই মার্কেট নির্মাণের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দকে প্রধান আসামী করে ৫১জনের বিরুদ্ধে সদর থানায় মামলা( মামলা নং- ৮৯৪/২২) দায়ের করেন। সেই মামলায় তিনি কারাগারে রয়েছেন।
এসএ