বগুড়ায় পুল খেলা নিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

বগুড়ায় বিলিয়ার্ড (পুল) খেলাকে কেন্দ্র করে বিপুল হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন শহরের নামাজগড় ভূষিপট্টির বাসিন্দা ও বিলিয়ার্ড ক্লাবের মালিক মো. আরিফ হাসান (৩২), শিববাটি শাহী মসজিদ এলাকার দীপংকর রায় (১৯) ও মো. সাহিল (২০), দক্ষিণ কাটনার পাড়ার মো. শাকি আল মামুন (২৭) ও ফুলবাড়ি দক্ষিণ পাড়ার মো. শোহাইব নবী (২২)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে নিহতের ভাই মোহাম্মদ শামিম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। এতে গ্রেপ্তার পাঁচজনসহ মোট আট জনকে আসামি করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বিলিয়ার্ড খেলা নিয়ে দ্বন্দ্বে জুনায়েদ আল হাবিব বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বিপুল শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে এবং ছাপাখানার প্রতিষ্ঠানের কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকেরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারদের তথ্যের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শুক্রবার রাতে নামাজগড় এলাকায় ব্রেক এন রান নামে বিলিয়ার্ড ক্লাবে গ্রেপ্তার যুবকেরা পুল খেলছিলেন। খেলার সময় বিপুল এবং তার কিছু বন্ধুরা সেখানে এসে গ্রেপ্তারদের পুলের বোর্ড ছেড়ে দিতে বলে। তারা ছেড়ে না দিলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি সৃষ্টি হয়। একপর্যায়ে গ্রেপ্তার যুবকেরা জুনায়েদ আল-হাবিব বিপুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসএ



