বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্ত্রীর

বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের ঠেঙ্গামারা নামক স্থানে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে জাকিয়া সুলতানা (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিয়া সুলতানা শিবগঞ্জ উপজেলার রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।
জানাগেছে, জাকিয়া সুলতানার স্বামী শিবগঞ্জ উপজেলার পার আচঁলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার বিকেল ৪টায় স্কুল ছুটির পর স্বামী- স্ত্রী মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে বগুড়া শহরে বাসায় ফিরছিলেন। বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা জাকিয়া সুলতানা মহাসড়কে পড়ে যায়। এসময় পিছন থেকে একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত জাকিয়া সুলতানার মরদেহ তার বাবার বাড়ি রায়নগর গ্রামে আনা হয়েছে।



