
প্রতীকী ছবি
বগুড়া সদরে সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
মধ্যরাতে বৃহস্পতিবার সদর উপজেলার লাহেড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, রাত ১১টার দিকে ওয়াসিম ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



