বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

উদ্ধার করা বিপুল পরিমাণ মাদক ও গ্রেপ্তারকৃতরা।

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শহরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মদ, গাঁজাসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে চকসূত্রাপুর হরিজন কলোনী পর্যন্ত মাদক কারবারিদের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

আড়াই ঘণ্টার অভিযানে মাদকের আখড়া থেকে ১৬৬ বোতল কেরু, ৩০ বোতল দেশীয় মদ, ৪৫ কেজি গাঁজা, ৯টি ওজন মাপার যন্ত্র এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

গ্রেপ্তার দুইজন হলেন- হরিজন কলোনী মহল্লার শ্রী হরিজন এবং একই এলাকার শান্ত বাঁশফোর (২৫)। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাপ্টেন জানে আলম সাদিফ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি ইকবাল বাহার, সদর থানার ওসি (ইনভেস্টিগেশন) মাহফুজ আলম, সদর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলামসহ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে মাদক বিরোধী যৌথ অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button