ধুনট উপজেলা

অপহরণের ৭ দিন পর ধুনটের স্কুল ছাত্রীকে নারায়নগঞ্জ থেকে উদ্ধার

অপহরণের ০৭ দিন পর বগুড়া জেলার ধুনট উপজেলার এক স্কুল ছাত্রীকে নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী দুই ভাইকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে নারায়নগঞ্জের আড়াই হাজার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও দুই অপহরনকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩০) ও তার ছোট ভাই নবীর হোসেন (২৮)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চিথুলিয়া গ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ে একই এলাকায় গোপালনগর গ্রামে নানার বাড়িতে অবস্থান করে ভান্ডারবাড়ি সালেহা-জহুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে লেখাপড়া করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটে তরিকুল ইসলাম প্রেম প্রস্তাব দেওয়ার পাশাপাশি উত্যাক্ত করে ওই স্কুলছাত্রীকে। কিন্ত প্রেমে সাড়া না পেয়ে ৩ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে নানার বাড়ির পাশে ফাঁকা রাস্তা থেকে স্কুলছাত্রীকে অপহরণ করে তরিকুল ইসলাম ও তার লোকজন।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ৪ ফেব্রুয়ারি থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তরিকুল ইসলাম ও তার ছোট ভাই নবীর হোসেন নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনকে আসামী করা হয়।

ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা স্কুলছাত্রীর আদালতে দেওয়া জবানবিন্দ ও ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button