ধুনটে ধান ক্ষেতের সাথে শত্রুতা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় এক কলেজ শিক্ষকের আবাদি জমির ধান ক্ষেতে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শিক্ষক রানাউল আমিন ধুনট মহিলা কলেজের সহকারী অধ্যাপক।
বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট থানার এএসআই আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এরআগে বুধবার রাতে থানায় এ অভিযোগ করা হয়। ওই অভিযোগে উপজেলার চালাপাড়া দক্ষিন পাড়া গ্রামের আহাম্মাদ আলী সহ ৩ কৃষককে আসামী করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, চালাপাড়া গ্রামের সিঙ্গার বিল ফসলের মাঠে চারদিকে সবুজের সমারোহ। এরমধ্যে ৩৯ শতক আবাদি জমির ধান গাছ বিবর্ণ হয়ে মারা যাচ্ছে। ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করার কারনে ধানগাছ গুলো মারা যাচ্ছে। ওই ৩৯ শতক জমি জহুরুল ইসলাম নামে এক কৃষকের কাছে বর্গা দিয়েছেন শিক্ষক রানাউল আমিন। শিক্ষকের সাথে একই গ্রামের আহাম্মাদ আলী ও তার ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জেরে সোমবার রাতে আহাম্মাদ আলী ও তার লোকজন ওই জমিতে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করে। এতে কৃষকের প্রায় ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
উপসহকারি কৃষি কর্মকর্তা ফজলার রহমান বলেন, সংবাদ পেয়ে জমির ক্ষেত পরিদর্শন করা হয়েছে। ধানের জমিতে পতিত জমিতে ঘাস মারার ঔষধ প্রয়োগ করা হয়েছে বলে প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে।
এ বিষয়ে কৃষক আহাম্মাদ আলী বলেন, জমিতে বিষ দিয়ে ধান ক্ষেত ক্ষতি করার বিষয়টি আমার জানা নেই। তারপরও আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



