শিক্ষা
প্রধান খবর

এক বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, তিন মাসের মধ্যে স্কুল ড্রেস: শিক্ষামন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন এবং দেশের প্রতিটি শিশুর জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সুশিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের ড্রেসবিহীন রাখা হবে না এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত সংকট রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, আগামীর বাংলাদেশ গড়ে উঠবে শিশুদের হাত ধরেই। এজন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা হবে আনন্দময়, সৃজনশীল এবং মূল্যবোধভিত্তিক।

তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক, দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি আত্মনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেও শিশুদের উপযুক্তভাবে প্রস্তুত করতে হবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button