শিক্ষা
প্রধান খবর

ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক করা হচ্ছে কারিগরি শিক্ষা

দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, খেলাধুলা, সংস্কৃতি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাহদী আমিন।

তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু সনদনির্ভর না হয়ে বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে। নতুন পাঠ্যক্রমে ক্রীড়া শিক্ষা, সংস্কৃতি শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মাহদী আমিন বলেন, “ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়ের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ, দায়িত্বশীলতা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেওয়া হবে।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। বিদ্যমান শিক্ষাকাঠামোর মধ্যেই এ বিষয়ে একটি বিস্তৃত অধ্যায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “১৬ বছরে তৈরি হওয়া সমস্যাগুলোর সমাধান একদিনে সম্ভব নয়। তবে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

নতুন কারিকুলাম প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর নতুন বই প্রণয়ন ও ছাপানোর জন্য সরকারের হাতে মাত্র তিন থেকে চার মাস সময় ছিল। ফলে সব পরিবর্তন একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে আগামী বছর আরও বিস্তৃত সংস্কার আনার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা খাতে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রায় ১৪ লাখ ট্যাব সরবরাহের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা আগামী অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কারিগরি শিক্ষার প্রসার সম্পর্কে তিনি বলেন, জাতীয় পর্যায়ে স্কিলস কম্পিটিশন, ক্যারিয়ার ফেয়ার এবং সরাসরি চাকরির সুযোগ তৈরির মাধ্যমে কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষার অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আ ন ম এহছানুল হক মিলন, ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button