প্রিয় শিক্ষক সম্মাননা পেলেন দেশের ১১ কীর্তিমান শিক্ষক

তৃতীয়বারের মতো আয়োজিত ‘প্রিয় শিক্ষক সম্মাননা’র সমাপনী অনুষ্ঠানে দেশের ১১ জন কীর্তিমান শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ আয়োজিত এক মনোরম অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে প্রথম আলো’র যুব কার্যক্রম’র প্রধান মুনির হাসান।
আইপিডিসি ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মনোনয়ন গ্রহণ শুরু হয় গত ৫ অক্টোবর ২০২১ থেকে এবং সারা দেশ হতে ১৬৯৭টি মনোনয়ন জমা হয়। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে সম্মাননা প্রদানের জন্য ১১ জন শিক্ষককে নির্বাচন করেন পাঁচ সদস্যের জুরিবোর্ড। বোর্ডের সভাপতি ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান এবং সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল হাকিম খান, সিলেট লিডিং ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ মোস্তাক আহমদ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিটের সহযোগী অধ্যাপক বি এম মইনুল হোসেন।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন, শরীয়তপুর জেলার ১২৯ নম্বর দক্ষিণ সখীপুর সিকদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার, খুলনা ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এস এম শাহাবুদ্দীন, নোয়াখালী খলিলুর রহমান উচ্চ-বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সিনিয়র শিক্ষক তাপস মজুমদার, কক্সবাজার গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতালী প্রভা দে, রংপুর জিলা স্কুলের সাবেক সহকারী শিক্ষক মো: শফিয়ার রহমান, নাটোরের দিয়াড় গাড়ফা খৈরাশ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলী, রাজবাড়ীর ইন্দুরদি উচ্চ-বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ছিদ্দিকুর রহমান, বগুড়া জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম, বগুড়ার উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, এবং মাগুরা শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশকে বিশ্বমঞ্চে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত করতে আমাদের শিক্ষাখাতকে আরও উন্নত করতে হবে এবং সেই গুরুদায়িত্ব নিতে হবে শিক্ষকদেরই। তবে শিক্ষকরা যেন যথাযথ সম্মান পান, সেই দায়িত্ব নিতে হবে আমাদেরই’।
প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান বলেন, ‘প্রতিটি শিক্ষকই জাতি গঠনের কারিগর। দেশের কীর্তিমান ১১ জন শিক্ষককে সম্মাননা প্রদানে, আইপিডিসিকে সাথে নিয়ে তৃতীয়বারের মতো আমরা এই আয়োজন করেছি এবং আয়োজনের উদ্দেশ্য পূরণে আমরা সফল হয়েছি বলে আমি মনে করি।’
