
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড মোতায়েন করা হবে। একই সঙ্গে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনের চার দিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে এবং ভোটের পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিন তারা দায়িত্বে থাকবেন।
পরিপত্র অনুযায়ী, মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
মেট্রোপলিটন এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৬ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
এ ছাড়া পার্বত্য ও দুর্গম এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



