নির্বাচন
প্রধান খবর

বগুড়া-৬ ও শেরপুর-৩ এর উপনির্বাচন ৯ এপ্রিল

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। এর আগে জানানো হয়েছিল, ১৪ এপ্রিলের আগেই এ দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচিত হন। তফসিল অনুযায়ী, একাধিক আসনে জয়ী হলে একটি আসন ছেড়ে দিতে হয়। ফলে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। এতে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে উপ-নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হলে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও)-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

আইন অনুযায়ী, প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন এবং পরবর্তীতে কমিশন নতুন তফসিল ঘোষণা করে। এ নিয়মেই শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button