বিনোদন
প্রধান খবর

যৌন নিপীড়ন মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাকে জামিন দেন।

আদালতে গায়কের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন আবেদন করে শুনানি করেন। এ সময় বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ ১৯ এপ্রিল পর্যন্ত জাহিদ অন্তুকে জামিন দেন।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ইডেন কলেজের ওই ছাত্রী গত ৩১ মার্চ রাতে জাহিদ অন্তুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পরদিন ১ এপ্রিল সকালে গুলশান অ্যাভিনিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের সম্পর্ক ভেঙে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, একটি পণ্যের ফটোশুটের কথা বলে গত ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে জাহিদ ওই ছাত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং তাকে বাসায় যেতে বলেন।

অভিযোগ অনুযায়ী, ওইদিন সন্ধ্যায় ছাত্রীটি গুলশানে জাহিদের বাসায় গেলে তিনি তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়, এতে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

পরে তিনি কৌশলে সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

সূত্র: সময় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button