
পপসম্রাট মাইকেল জ্যাকসন-এর জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বায়োপিক মাইকেল আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্স-এ সিনেমাটি প্রদর্শিত হবে।
২০০৯ সালে ৫০ বছর বয়সে মারা গেলেও মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা এখনো বিশ্বজুড়ে অটুট। বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে এখনো কোটি কোটি শ্রোতা তার গান শোনেন। মৃত্যুর পরও তাকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি। নতুন এই বায়োপিককে ঘিরে উচ্ছ্বাসই তার বড় প্রমাণ।
অ্যান্টনি ফুকো পরিচালিত সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন।
এ ছাড়াও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসনসহ আরও অনেকে।
সিনেমায় মাইকেলের সংগীতজীবনের শুরু থেকে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার গল্প দেখানো হবে। জ্যাকসন ফাইভ-এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করে কীভাবে তিনি এককভাবে বিশ্বসংগীতের সবচেয়ে বড় নাম হয়ে ওঠেন, তা তুলে ধরা হয়েছে।
তার পারিবারিক জীবন ও ক্যারিয়ারের পেছনের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকেও সিনেমায় দেখানো হয়েছে। বাবা জো জ্যাকসন এবং মা ক্যাথরিন জ্যাকসন-এর ভূমিকাও রয়েছে।
টিজার ও ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। বিশ্লেষকদের মতে, মুক্তির পর এটি বড় ব্যবসায়িক সাফল্য পেতে পারে। বাংলাদেশেও সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



