অসুস্থ পরীমণি, পেছালো চার্জ শুনানি

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মঙ্গলবার আজ (১৪ ডিসেম্বর) মাদক মামলার চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি।
এ কারণে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলার চার্জ শুনানির তারিখের সময় চেয়ে আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তিনি আদালতকে বলেন, ‘পরীমনি আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তার ভার্টিগো রোগটি বেড়ে যায়। গাড়ির মধ্যেই মাথা ঘুরে পড়ে যান তিনি। এ অবস্থায় তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা চার্জ শুনানি পেছানোর আবেদন করেছি।’ শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ জানুয়ারি শুনানির নতুন তারিখ ধার্য করেন। মামলার অপর দুই আসামি পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন।