বানরের কামড় খেলেন নায়িকা তমা মির্জা

বানরের কামড়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা। বুধবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় একটি নাটকের শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে।
ঈদুল ফিতরের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’। এ নাটকে বানরের খেলা দেখানোর একটি দৃশ্য করছিলেন তমা। সেই সময়ে বানরটি তার বাঁ হাতে কামড় দেয়।
তমা মির্জা বলেন, ‘বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম, হঠাৎ বানরটি আমাকে কামড়ে দেয়।’
এতে বেশ রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনার পর দ্রুত তমা মির্জাকে পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ডাক্তাররা।
শারীরিক অবস্থা জানিয়ে তমা মির্জা বলেন—‘ডাক্তার বলেছেন, চিন্তার কোনো কারণ নেই। বানর কামড়ালে কোনো সমস্যা হয় না। তবে এখনো জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করছি। তাই হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধ দিয়েছেন।’