বিনোদন

ইলিয়াসের বিরুদ্ধে স্বর্ণ-টাকা নেয়ার অভিযোগ প্রমাণে ব্যর্থ সুবাহ

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ।

মামলার এজাহারে সুবাহ উল্লেখ করেন, তার আলমারিতে থাকা বিয়ের সময় কেনা ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে চলে যায় ইলিয়াস। কিন্তু তদন্তকালে এ বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পায়নি মামলার তদন্ত সংস্থা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগ। তদন্ত সংস্থা সুবাহকে এ বিষয়ে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে বললে তিনি নিজেও অভিযোগ প্রমাণের মতো কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে এসব তথ্য তুলে ধরেন পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মাসুমা আফ্রাদ।

মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলার চার্জশিট গ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য রয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ১১ জনকে।

এ মামলায় উচ্চ আদালতের ছয় সপ্তাহের জামিনে ছিলেন ইলিয়াস। আত্মসমর্পণ করে জামিন শুনানির দিন আদালতে উপস্থিত না হওয়ায় গত ২২ মার্চ ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত।

এই বিভাগের অন্য খবর

Back to top button