কেকে’র মাথা-মুখে আঘাতের চিহ্ন

বলিউডের প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’র অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ।
সিএমআরআই হাসপাতাল সূত্র জানিয়েছে, কেকে’র মুখে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এরপরেই তার সহযোগীদের অভিযোগের ভিত্তিতে কলকাতার নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়।
ইতিমধ্যে এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মধ্য কলকাতার যে পাঁচতারকা হোটেলে তিনি ছিলেন পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানকার স্টাফ এবং ম্যানেজারকে।
এদিকে অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধেও। দুই হাজার ২০০ জনের ধারণক্ষমতার ইনডোর হলে মঙ্গলবার কনসার্টে জমায়েত হয়েছিল প্রায় সাত হাজার অনুরাগী। পাশাপাশি ভিড়ে ঠাসা ইনডোরে ছিল না এসির ব্যবস্থাও।
সিএমআরআই হাসপাতালের মর্গে রয়েছে কেকে’র মৃতদেহ। সকাল ৯টায় নির্ধারিত সময়ে কলকাতা পরিবারের সম্মতির পর সিএমআরআই থেকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নেয়া হবে এসএসকেএম হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে, এরপর মরদেহ নেয়া হতে পারে দিল্লিতে।
কেকে’র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে শোকবার্তায় তিনি বলেন, সঙ্গীতশিল্পী কেকে’র অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার গান সব বয়সের মানুষকে কার্যত এক সুতায় বেঁধে রেখেছিল।
এসএ
