বিনোদন

আমার ছেলেদের গালি শিখিয়েছি, কারণ বাংলাদেশে গালি লাগে: আসিফ

বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, গালি দেওয়ার বিষয়ে তিনি যথেষ্ট অভিজ্ঞ। এমনকি নিজের সন্তানদেরও সবার আগে গালি শিখিয়েছেন তিনি। তার মতে, বাংলাদেশে গালি জানা জরুরি।

সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রচারিত প্রবাসী বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’য় জায়েদ খানের সঞ্চালনায় বিশেষ শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’–এ নিজের ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন আসিফ।

সাক্ষাৎকারে আসিফ বলেন, “আমি খুবই সাংগঠনিক একজন মানুষ। মানুষ আমাকে অনেক সময় মেজাজি বা উশৃঙ্খল মনে করেন। কিন্তু আমি সময়ের ব্যাপারে কঠোর। সাড়ে ৮টা মানে সাড়ে ৮টাই।”

তিনি আরও যোগ করেন, “মানুষ আন্দাজ করে কথা বলে, এটা মহাপাপ। আমি ভুল এড়িয়ে চলার চেষ্টা করি। তবুও যদি কোনো ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ক্ষমা চাই এবং সংশোধন করি। কারণ এখন সবকিছু রেকর্ড হয়ে যায়, মুছে ফেলার সুযোগ নেই।”

গালি প্রসঙ্গে আসিফ বলেন, “যতক্ষণ মানুষ আমার কথা বুঝতে না পারে, ততক্ষণ আমাকে গালি দেয়। গালি দিলে তারই গুনাহ হয়। তবে গালি দেওয়ার ক্ষেত্রেও আমি যথেষ্ট অভিজ্ঞ। আমার চাইতে অভিজ্ঞ কেউ বাংলাদেশে আছে বলে মনে হয় না। তাই আমার ছেলেদেরও প্রথমে গালি শিখিয়েছি, কারণ বাংলাদেশে গালি লাগে।”

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন আসিফ আকবর। গত ২৮ আগস্ট তিনি তার দল ‘দি এ টিম’ নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান এবং প্রবাসী বাংলাদেশিদের গানে মাতিয়ে তুলেছেন।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button