হানিয়া আমির অসুস্থ, হাসপাতালে ভর্তি

হানিয়া আমির। ছবি: সংগৃহীত
পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে স্বাস্থ্যের অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ হাসপাতালে নেওয়ার পর অনলাইনে তার ছবি ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
জিওটিভি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালে থাকা অবস্থার কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ খবরে ভক্তরা মন্তব্যে ভরে দিচ্ছেন, ‘হানিয়ার কী হয়েছে?’—এই প্রশ্নে। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
তবে হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার কারণ এখনো জানা যায়নি। সাম্প্রতিক ছবি ও ভিডিওগুলোতে হানিয়াকে ফ্যাকাশে ও ক্লান্ত দেখাচ্ছিল। জানা গেছে, তিনি একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে হিউস্টনে গিয়েছিলেন।
‘মুঝে প্যায়ার হুয়া থা’ খ্যাত এই তারকার ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখের বেশি অনুসারী রয়েছে, যা তাকে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী সেলিব্রিটিতে পরিণত করেছে। নিজের দেশ ছাড়াও উপমহাদেশজুড়ে রয়েছে তার জনপ্রিয়তা।
সম্প্রতি হানিয়া সীমান্তের বাইরেও কাজ শুরু করেছেন। তিনি ভারতীয় পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘সরদার জি ৩’ সিনেমায় অভিনয় করেছেন, যা ইতোমধ্যে বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
অভিনয়ের পাশাপাশি তিনি ফটোশুট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যক্তিগত ও পেশাদার জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন। ভক্তরা এখন তার সুস্থতার খবরের অপেক্ষায় রয়েছেন।
তথ্যসূত্র: ইত্তেফাক

