অর্থ ও বানিজ্য
প্রধান খবর

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখাসহ যেসব নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক ঈদুল আজহার ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক সচল রাখতেও বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সময় এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং এমএফএসের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

এছাড়া এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। বুথগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েন এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পয়েন্ট অব সেল (পিওএস) ও কিউআর কোডভিত্তিক সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। একই সঙ্গে জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক “কার্ড নট প্রেজেন্ট” লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এমএফএস সেবায় সংশ্লিষ্ট ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে সার্বক্ষণিক লেনদেন সচল রাখা এবং এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গ্রাহক হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখা এবং যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিক এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button