বাংলাদেশি ইলিশের রপ্তানি নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি ভারতের ব্যবসায়ীদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকরা। এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে লিখিত চিঠি পাঠিয়েছে কলকাতাভিত্তিক ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
চিঠিতে ভারতীয় ব্যবসায়ীরা দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে অবিলম্বে বাণিজ্য স্বাভাবিক করার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
আমদানিকারক সমিতি জানিয়েছে, তারা ১৯৯৬ সাল থেকে পশ্চিমবঙ্গের বেনাপোল ও ত্রিপুরার আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিল। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে।
চিঠিতে বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সুবিধায় এক মাসের জন্য সীমিত পরিসরে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে বাংলাদেশ। তবে এই স্বল্প সময়সীমা বাণিজ্যিকভাবে কার্যকর নয় বলে দাবি ভারতীয় আমদানিকারকদের। তারা শুধু পূজার মৌসুম নয়, বছরজুড়েই নিয়মমাফিক ইলিশ আমদানির সুযোগ চান।
ব্যবসায়ীরা আরও বলেন, দুই বাংলার ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্ক এবং অভিন্ন খাদ্যাভ্যাসের কারণে বাংলাদেশের পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে ১ হাজার ২০০ টন এবং ২০২৬ সালের সেপ্টেম্বরে ২ হাজার ৪২০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



