অর্থ ও বানিজ্য

জ্বালানি তেলের দাম কমবে: সালমান ফজলুর রহমান

জ্বালানি তেলের দাম কমবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, জ্বালানি তেলের দামের বিষয়ে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। তবে আমার মনে হয় এটি কমে আসবে। দাম কমে আগের পর্যায়ে না গেলেও এটি কমবে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে যে পরিবহনের ভাড়া বেড়েছে তা কিন্তু নয়। বরং শিপিংয়ের খরচ অনেক বেড়ে গেছে। শিপিংয়ের সঙ্গে সম্পৃক্ত কন্টেইনারের পরিবহনেও খরচ বেড়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

পুঁজিবাজার নিয়ে তিনি বলেন, আমাদের দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নেই বললেই চলে। এখানে যে লেনদেন হয় তার ৮০ শতাংশ আসে রিটেল বা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে। বাকি ২০ শতাংশ আসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। উন্নত বিশ্বের পুঁজিবাজারের তুলনায় বাংলাদেশের চিত্র পুরো উল্টো। আমাদের পুঁজিবাজার ইক্যুইটিভিত্তিক। এখানে বন্ড মার্কেট নেই। বন্ড মার্কেটের উন্নয়নে আমরা কাজ করছি। বর্তমান চেয়ারম্যান ও কমিশনারও এই বিষয়ে আন্তরিক। আশা করা যায়, বন্ড মার্কেট জনপ্রিয় হলে পুঁজিবাজার চাঙা হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আগে পত্রিকা পড়া ছাড়া কোনও খবরটি ছড়িয়ে পড়তো না। কিন্তু অনলাইনে সেই সুযোগটি তৈরি করে দিয়েছে। যার ফলে সাংবাদিকদের এখন অনেক দায়িত্ব।

মিট দ্য রিপোর্টার্সে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

এই বিভাগের অন্য খবর

Back to top button