পুরুষেরও কি হতে পারে স্তন ক্যান্সার?

স্তন ক্যান্সার শুনলেই সাধারণত নারীদের রোগ বলে মনে করা হয়। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের তথ্যমতে, পুরুষদেরও স্তন ক্যানসার হতে পারে। যদিও এটি তুলনামূলকভাবে বিরল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি একশো জন স্তন ক্যানসার রোগীর মধ্যে একজন পুরুষ। বাংলাদেশেও এমন বেশ কিছু কেস পাওয়া গেছে, তবে দেরিতে শনাক্ত হওয়ায় অনেক সময় চিকিৎসা জটিল হয়ে পড়ে।
কেন হয় পুরুষের স্তন ক্যানসার
পুরুষদের শরীরেও অল্প পরিমাণে স্তন টিস্যু থাকে। হরমোনের ভারসাম্য নষ্ট হলে বা জেনেটিক কারণে এই টিস্যুতে ক্যানসার কোষ তৈরি হতে পারে। এছাড়া অতিরিক্ত মদ্যপান, স্থূলতা, লিভারের সমস্যা, রেডিয়েশন এক্সপোজার এবং বিআরসিএ২ (BRCA2) জিনে মিউটেশন থাকলে ঝুঁকি বাড়ে।
যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন
প্রাথমিক পর্যায়ে ব্যথা না থাকলেও শরীরে নিম্নলিখিত পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—
- স্তনের নিচে বা চারপাশে ছোট শক্ত গাঁট অনুভব হওয়া
- নিপল বা আশপাশে চুলকানি, লালচে দাগ বা নিপল ভেতরে ঢুকে যাওয়া
- নিপল থেকে রক্ত বা অস্বাভাবিক তরল নিঃসরণ
- স্তনের ত্বকে ভাঁজ বা দাগ পড়া
চিকিৎসা ও প্রতিরোধ
পুরুষের স্তন ক্যানসারের চিকিৎসা নারীদের মতোই— সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন বা হরমোন থেরাপির মাধ্যমে করা হয়। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসায় সফলতার হার অনেক বেশি।
প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা এবং পারিবারিক ইতিহাস থাকলে সময়মতো স্ক্রিনিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুরুষের স্তন ক্যানসার নিয়ে এখনো সামাজিক সচেতনতা কম। ফলে অনেকেই লজ্জা বা অবহেলায় চিকিৎসা নিতে দেরি করেন। অথচ সময়মতো সনাক্ত করা গেলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। নিজের শরীরের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা।
