স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪১ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৮ জনে, আর শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৬ হাজার ২৫৭ জনে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৬ জন, বরিশালে ১২৫ জন, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে ১৯ জন, রংপুরে ৪৭ জন এবং সিলেটে তিনজন রয়েছেন।

এ সময়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯৩ জন ডেঙ্গুরোগী। ফলে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩৫৪ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মারা যান এক হাজার ৭০৫ জন।

ডেঙ্গু নিয়ে সতর্কতা: ডেঙ্গু প্রতিরোধে এখনই সতর্ক হোন। ঘরে-বাইরে জমে থাকা পানি পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন এবং জ্বর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

তথ্যসূত্র: নয়াদিগন্ত

এই বিভাগের অন্য খবর

Back to top button