
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির অ্যাডিয়ালা জেলে স্থাপিত বিশেষ আদালতের বিচারক সেন্ট্রাল শারুখ অর্জুমান্দ এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় উভয়কে ১০ বছর এবং ৫, ২ ও ৪৭ ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ইমরান খান ও বুশরা বিবিকে প্রত্যেককে ১৬ দশমিক ৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে মোট সাজা দাঁড়িয়েছে ১৭ বছর করে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে সৌদি আরব থেকে পাওয়া মূল্যবান উপহার তোশাখানার নিয়ম অনুসারে যথাযথভাবে জমা না দিয়ে অবৈধভাবে নিজেরা দখলে রাখেন ইমরান খান ও বুশরা বিবি। এসব উপহারের বাজারমূল্য প্রায় ৩৮ মিলিয়ন ইউরো, যা কম দেখিয়ে জাতীয় কোষাগারে প্রায় ৩৫ দশমিক ২৮ মিলিয়ন রুপি ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এই মামলাটি আগের তোশাখানা মামলার বাইরে আলাদা। প্রথম মামলায় দেওয়া সাজা এর আগে ইসলামাবাদ হাইকোর্ট স্থগিত করেছিল।
সূত্র: যুগান্তর



