আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার, ফি লাগবে না

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সব ধরনের এন্ট্রি বা প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে-সেসব ভিসার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। পরিস্থিতির ওপর নির্ভর করে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে নতুন সময়সীমা কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কাতারও রয়েছে। আকাশসীমা বন্ধ থাকায় দেশটির বিমানবন্দর কার্যক্রম স্থগিত হয় এবং হাজার হাজার বিদেশি যাত্রী আটকে পড়েন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা অতিরিক্ত আবেদন করার প্রয়োজন নেই।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব এন্ট্রি ভিসার ক্ষেত্রে নিয়মভঙ্গ (ভায়োলেশন) হয়েছে, সেসব ভিসাধারীকে নির্ধারিত জরিমানা পরিশোধ করে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এরপর উল্লিখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও ভিসা বৃদ্ধি ও ফি মওকুফ প্রযোজ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসিন্দা ও দর্শনার্থীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button