
ইরান ও ওমানের মধ্যকার আলোচনায় অগ্রগতির ফলে পাঁচ মাস ধরে চলা ওয়াশিংটন-তেহরান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে-এমন সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ মার্কিন ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৪.৬৯ মার্কিন ডলারে।
এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দামে সামান্য বৃদ্ধি এবং ডব্লিউটিআই ক্রুডের দামে সামান্য পতন দেখা যায়। এরপরই বাজারে তেলের দামে নতুন করে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা কমার সম্ভাবনা এবং ইরান-ওমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি করেছে। এর প্রভাবেই জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।
তথ্যসূত্র: ইত্তেফাক