আন্তর্জাতিক খবর
প্রধান খবর

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ প্রায় ৫০০

কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগে আহত হয়েছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। এছাড়া এখনো প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবন উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে বিরতিহীন অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

কঙ্কালসার ভবনের ধ্বংসস্তূপে জীবনের সন্ধানে ভারী যন্ত্রপাতি, ক্রেন ও প্রশিক্ষিত স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে। সরকারি উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় হাজারো স্বেচ্ছাসেবীও স্বতঃস্ফূর্তভাবে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

এদিকে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হাজারো আহতের জন্য দেশজুড়ে জরুরি রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। আহতদের চিকিৎসায় রক্তের চাহিদা মেটাতে অসংখ্য সাধারণ মানুষ হাসপাতালের সামনে গিয়ে রক্ত দিচ্ছেন।

অন্যদিকে, বসতবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় এবং একের পর এক আফটারশকের আতঙ্কে হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। তীব্র শীতের মধ্যেও অনেকেই নিরাপত্তার কারণে ঘরে ফিরতে পারছেন না।

আফটারশকের আশঙ্কায় অক্ষত ভবনেও ফিরে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফলে ভূমিকম্পের পর দেশটির ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button