“রোহিঙ্গা গণহত্যা’ স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সোমবার ওয়াশিংটন ডিসির ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দেন।
মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ব্লিঙ্কেন বলেন, হলোকাস্ট ছাড়াও বিশ্বে সাতটি গণহত্যার ঘটনা ঘটেছে। সোমবার অষ্টম গণহত্যার স্বীকৃতি দেয়া হচ্ছে। আমি নিশ্চিত যে বার্মিজ সামরিক বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে। প্রাপ্ত বিভিন্ন তথ্য প্রমাণে এটা সুস্পষ্ট যে এই গণ নিপীড়নের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের ধ্বংস করা।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ‘প্রমাণ পেয়েছে’ ওয়াশিংটন।
প্রসঙ্গত, ২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের দক্ষিণপশ্চিমে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়ন শুরু হলে প্রায় ১৩ লাখ মানুষ সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়৷ ওই ঘটনায় মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার প্রস্তাব করে জাতিসংঘ৷
এসএ
