অনাস্থা ভোটের আগেই সঙ্গী হারালেন ইমরান খান

পাকিস্তান পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন হয়েছে দুইদিন আগেই। বিষয়টি নিয়ে আগে থেকেই চাপে থাকা ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এরইমধ্যে জোটসঙ্গী হারিয়ে আরেকটি বড় ধাক্কা খেলেন।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, অনাস্থা প্রস্তাব নিয়ে পাক সংসদে ভোটাভুটির আগেই ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রধান জোটসঙ্গী মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। বিরোধী দল পাকিস্তান পিপল্স পার্টির (পিপিপি) সঙ্গে চুক্তি করল এমকিউএম।
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি একটি টুইট বার্তায় জানান, ইতিমধ্যেই ঐক্যবদ্ধ বিরোধী জোট এবং এমকিউএম নিজেদের মধ্যে একটি চুক্তি করেছে। আমরা বুধবার একটি সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব।
এমকিউএম বিরোধী দলের সঙ্গে হাত মেলানোর পর ঐক্যবদ্ধ বিরোধীদলের পক্ষে সংসদ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭। অন্যদিকে ইমরানের সমর্থনে আছেন ১৬৪ জন সদস্য। অনাস্থা ভোটে ইমরানকে হারাতে ১৭২ জন সদস্যের ভোটের প্রয়োজন বিরোধীদের। আর এটি হলে, গদিচ্যুত হবে ইমরানের সরকার।



