আন্তর্জাতিক খবর
নতুন করে নির্বাচন দাবি ইমরানের

পাকিস্তানে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) লাহোরে এক রাজনৈতিক র্যালিতে তিনি বলেন, যে-ই ভুল করে থাকুক না কেন, সেটি শুধরানোর একটিমাত্র উপায় আছে, আর তা হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা।
তার এ দাবি না মানা হলে ইসলামাবাদের দিকে পদযাত্রা করতে প্রস্তুত থাকার জন্য সমর্থকদের প্রতি আহবান জানান তিনি।
সরকার পরিচালনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেন ইমরান খান।
তার অভিযোগ, ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে না যাওয়ায় ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, মঙ্গলবার (১৯ এপ্রিল) পাকিস্তানের নতুন মন্ত্রিসভা নিয়োগ করেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।



