ইমরান খানের ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্য: আইনি ব্যবস্থা নেবেন শাহবাজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যের জন্য আইনী পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
৮ মে অ্যাবোটাবাদে র্যালি ও সমাবেশে অংশ নিয়ে এমন বক্তব্য রাখেন ইমরান খান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরান খানের রোববারের ওই বক্তব্যকে ঘিরে ‘পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন।
পিএমএল-এন-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, যারা জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আখ্যান তৈরি করছে তারাই প্রকৃত ‘মীর জাফর ও মীর সাদিক’।
অ্যাবোটাবাদে সমাবেশে ইমরান খানের বক্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শাহবাজ আরো বলেন যে, পাকিস্তান রাষ্ট্র, সংবিধান এবং জাতীয় প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ইমরান খান রাজনীতিতে ষড়যন্ত্র করছেন না, বরং তিনি পাকিস্তানের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন।
এদিকে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে অপ্রমাণিত, মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য এবং মন্তব্য ছড়িয়ে দেয়ার নিন্দা জানাচ্ছে এবং এটিকে দেশের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর’ বলে অভিহিত করছে।
এদিকে, ইসলামাবাদের লংমার্চ কর্মসূচিতে ২০ লাখ মানুষ অংশ নেবে বলে আশাবাদী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অ্যাবোটাবাদে এক ভাষণে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে, দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ঘোষণা দিয়ে বলেছেন যে ইসলামাবাদে পিটিআই-এর পরিকল্পিত লংমার্চ যদি রক্তপাতের সূচনা করে, তবে সরকার তা কঠোরভাবে দমন করবে।
এসএ



