
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও তার মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের রতন মিয়ার স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)।
জানা গেছে, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় আদমদীঘি যাচ্ছিলেন। পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও অটোরিকশাচালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



