
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দুজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাহালু উপজেলার বড় পুকুরিয়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো: মেহেদী হাসান (৪০) এবং বিটসোনাই এলাকার মো: ফজলু প্রামাণিকের ছেলে মো: শাকিল আহমেদ (২৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।



