
মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক বরাবর এই নোটিশ পাঠান।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর একটি পূর্ণাঙ্গ ও যাচাইকৃত জাতীয় তালিকা প্রস্তুত করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে শহীদদের পরিবারের সদস্য এবং জীবিত বা মৃত নির্যাতিত নারীদের পরিবারের সদস্যদের সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে রিট মামলা করা হবে।
নোটিশে উল্লেখ করা হয়, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ নারীর সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে। সরকার স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা, কোটা এবং বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আসছে।
তবে স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও শহীদ ও নির্যাতিত নারীদের সুনির্দিষ্ট ও যাচাইকৃত তালিকা প্রকাশ না করা এবং তাদের পরিবারকে ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রাখা একটি গভীর ঐতিহাসিক অবিচার বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, এটি সুস্পষ্ট বৈষম্য এবং সংবিধানের লঙ্ঘনের শামিল।
সূত্র: বার্তা বাজার



