বগুড়া গোদারপাড়ায় অর্ধ গলিত এক যুবকের মরদেহ উদ্ধার

১২ মে বুধবার দুপুরে বগুড়া শহরের চারমাথা গোদারপাড়া এলাকায় একটি ড্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত যুবকের নাম নাঈম (২২)। তিনি ফুলবাড়ি দক্ষিণপাড়া রুহুল আমিনের ছেলে ও পেশায় একজন অটোরিকশা চালক। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম রোববার রাতে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। পরে সোমবার সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয় । আজ ফেসবুকে লাশের ছবি দেখতে পেরে পরিবারের লোকজন বুঝতে পারে তাদের ছেলে আর নেই।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় তার পরিবার শনাক্ত করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে রাখা আছে।
পুলিশ আরও জানায়, নিখোঁজের রাতে নাঈমকে অন্য কোথাও হত্যা করে চারমাথায় ফেলে রাখা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) জানান, আমরা ভিক্টিমের পরিচয় শনাক্ত করেছি। আপাতত আমাদের কাছে হত্যার মোটিভ ক্লিয়ার নয়। তবে আমাদের একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে।