ড. হুমায়ুন আজাদ হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, প্রথিতযশা লেখক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্য সালেহীন ওরফে সালাহউদ্দিন, আনোয়ারুল আলম ওরফে আনোয়ার, মিজানুর রহমান ওরফে মিনহাজ ও নুর মোহাম্মদ। এর মধ্যে সালেহীন ও নূর পলাতক এবং বাকি দুই জন কারাগারে আছেন।
বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন এ রায় ঘোষণা করেন।
আসামিদের মধ্যে হাফিজ নামে একজন প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আদালতে সাক্ষী উপস্থিত করতে দেরি হওয়ায় মামলার বিচার পেতে এতো সময় লেগেছে।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, আমরা সুবিচার পায়নি। উচ্চ আদালতে যাবো।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন তার ভাই মঞ্জুর কবির রাজধানীর রমনা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।