আইন ও অপরাধ

ক্যাসিনোকাণ্ড: এনু-রুপনদের ৭ বছর করে কারাদণ্ড

ক্যাসিনোকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও তার ভাই রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমাবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে চার কোটি টাকা জরিমানা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।

জানা যায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের একটি বাড়ি ঘেরাও করে র‌্যাব। জানানো হয়, বাড়িটি ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো পরিচালনাকারী এনুর কর্মচারী আবুল কালাম আজাদের। অভিযানে চারতলা বাড়িটির দ্বিতীয় তলা থেকে দুই কোটি টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) জিয়াউল হাসান ২৫ নভেম্বর ওয়ারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগ করা হয়, এনু ও রুপন দীর্ঘদিন ক্যাসিনো পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে আসছে। অপকর্ম আড়াল করতে অবৈধভাবে উপার্জিত অর্থ তারা কালামের বাসায় রেখেছিল। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button