হাসপাতালে ভর্তি হাজী সেলিম

দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর এক রাত পর ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান জানান, সকাল ৯টায় অ্যাম্বুলেন্সে হাজী সেলিমকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ-তে আনা হয়। হাজী সেলিম হৃদরোগে ভুগছেন।
এর আগে ২২ মে বেলা তিনটার দিকে হাজী সেলিম নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে।
এসএ



